প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্ব্যর্থহীন কণ্ঠে আবারো বলেছেন, আমরা নিজেদের টাকায়ই পদ্মা সেতু নির্মাণ করতে পারবো। কেননা আমরা দুর্নীতি করে অর্থ সম্পদ বানাতে আসেনি। কোন দাতা সংস্থা কিংবা কোন দেশ ঋণ নিয়ে এগিয়ে আসলে সেটা যাচাই-বাছাই করে দেখা হবে। আমরা ঋণ নেবো, সুদসহ ফেরতও দেব। কিন্তু কারো কাছে ভিক্ষা করবো না। আমাদের আত্মবিশ্বাস আছে, আমরা কোন অন্যায় করিনি। জনগণও এটা বুঝতে সক্ষম হয়েছে বলেই স্বতঃস্ফূর্তভাবে সরকারের পাশে এসে দাঁড়িয়েছে। গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক লীগের দ্বিতীয় জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিশ্বব্যাংককে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, তাদের অনেক শক্তি আছে। কিন্তু বাংলাদেশের জনগণ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তাই এদেশের জনগণ অতীতে যেমন কারো কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। তিনি প্রশ্ন রেখে বলেন, কার খাতিরে তারা (বিশ্বব্যাংক) বাংলাদেশের মানুষের সঙ্গে এভাবে প্রতারণা করলো। যেখানে কোন অর্থই ছাড় দেয়া হয়নি, সেখানে দুর্নীতি হয় কীভাবে? যারা ভেবেছিল পদ্মা সেতুর দুর্নীতির কথা বলে সরকারকে জনবিচ্ছিন্ন করা যাবে, তাদের ধারণা যে কত বড় ভুল ছিল তা প্রমাণ হয়েছে। বরং অন্যায়ের প্রতিবাদ করতে উল্টো দেশের মানুষ যেন সরকারের পক্ষে একাত্তরের মুক্তিযুদ্ধের মতই আবার জেগে উঠেছে। একই সঙ্গে অন্যায়ের প্রতিবাদ করতে দেশবাসী জাগ্রত হয়েছে।