ব্রিটেনের বিরোধীদলীয় নেতা মিলিব্যান্ডকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
শনিবার | ২৮ জুলাই ২০১২ | ১৩ শ্রাবণ ১৪১৯
প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেছেন, তার সরকার দেশের নির্বাচন প্রক্রিয়াকে সরকারি
প্রভাবমুক্ত ও নিরপেক্ষ রাখতে অঙ্গীকারবদ্ধ। সে জন্য আগামী নির্বাচন
অনুষ্ঠিত হবে সম্পূর্ণ সরকারি প্রভাবমুক্ত ও নিরপেক্ষভাবে। গতকাল স্থানীয়
সময় দুপুরে লন্ডনের হোটেল সেন্ট প্যানক্রসের কক্ষে ব্রিটেনের বিরোধীদলীয়
নেতা এডওয়ার্ড স্যামুয়েল মিলিব্যান্ড তার সঙ্গে সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী
এ অঙ্গীকার ব্যক্ত করেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ
বিষয়ে সাংবাদিকদের জানান। ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা
এডওয়ার্ড মিলিব্যান্ডকে শেখ হাসিনা বলেন, তার সরকার নির্বাচন প্রক্রিয়াকে
২০০৮ সালের নির্বাচনের মতো সরকারি প্রভাবমুক্ত নিরপেক্ষ রাখতে বিরামহীন
চেষ্টা চালাচ্ছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, তার সরকার ক্ষমতায় আসার পর দেশে ৫ হাজার ২০০টি
বিভিন্ন ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ও জাতীয় পর্যায়ের এসব
নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। এসব নির্বাচনে কোনো সরকারি
প্রভাব ছিল না। একইভাবে ভবিষ্যতের সব নির্বাচনও সম্পূর্ণ অবাধ ও নিরপেক্ষ
হবে। বৈঠকে মিলিব্যান্ডের সঙ্গে ছিলেন লেবার পার্টির আরেক নেতা ডগলাস
আলেকজান্ডার এবং বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলি।
শনিবার | ২৮ জুলাই ২০১২ | ১৩ শ্রাবণ ১৪১৯